অবরোধবন্দিনী নারীজাতির জন্য কাঁদিবার একটি লোক খুঁজেছিলেন তিনি; প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিলেন মেয়েদের ‘সংসার-স্বর্গের’ স্বপ্নকে। বাংলার নবজাগরণের যুক্তিবাদী লেখকদের অগ্রগণ্য বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অনন্য নকশাধর্মী ও বিদ্রুপাত্মক রচনা ‘অবরোধ-বাসিনী’। চাক্ষুষ ঘটনা অবলম্বনে তুলে ধরেছিলেন অসূর্যম্পশ্যাদের সমাজ ও পরিবারে অবস্থানের করুণ চিত্র। প্রতাপান্বিত পিতৃতন্ত্রের প্রাবল্য, কঠোর অবরোধের মাঝেও নারীর শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নের স্বপ্ন দেখতেন রোকেয়া। চেয়েছিলেন আশৈশব সংগ্রাম, অনাদৃত সামাজিক জীবনের বাধা পেরিয়ে প্রতিবাদী হয়ে উঠুক নারীরা, শিখুক লড়তে। বাংলা গদ্যের বিশিষ্ট শিল্পী বেগম রোকেয়ার ‘অবরোধ-বাসিনী’ প্রকাশিত হয় ১৯৩১ সালে। সাহিত্য-সমালোচক, ছান্দসিক কবি এবং রোকেয়া রচনাবলীর সম্পাদক আবদুল কাদির লিখেছেন, “তাঁর (রোকেয়ার) ‘অবরোধ-বাসিনী’ গ্রন্থে ৪৭টি অবরোধ-সম্পর্কিত দুর্ঘটনার উপাদেয় কাহিনী আছে—অতুলনীয় শ্লেষ ও লিপিকুশলতার সঙ্গে তিনি সেগুলি বর্ণনা করিয়াছেন।” নিজের লেখায় নারী, মানবমুক্তির যে স্বপ্ন বেগম রোকেয়া দেখিয়ে গেছেন, তার আদর্শ আজও সমান প্রাসঙ্গিক।
| Book Name : | অবরোধ-বাসিনী |
| Authors : | বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন |
| Publisher: | Inhouse book |
| Edition: | 1st Edition, June, 2026 |
| ISBN Number: | 978-984-2250-09-5 |
| Total Page | 60 |
বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন সৃজনশীল সাহিত্যে, ব্যক্তিত্বে, নারীশিক্ষা প্রসারে আন্দোলনরূপী-বিদ্রোহীরূপী সংগ্রামে ছিলেন স্বয়ম্ভু, অনন্য। সমঅধিকারের লড়াইয়ে, সাহিত্যের চর্চায় আজও আমাদের চিন্তা-তৎপরতাকে প্রভাবিত করেন প্রবলভাবে। শুধু বাংলাদেশের, বাংলার নারী আন্দোলনের তাত্ত্বিক, প্রাতিষ্ঠানিক ও আদর্শিক নেত্রী নন, সাহিত্যিক হিসেবেও তাঁর তুলনা তিনি নিজেই। রোকেয়া সাখাওয়াৎ হোসেনের জন্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে। সামাজিক-সাংস্কৃতিক কূপমণ্ডূকতা, কুসংস্কারকে প্রশ্ন করে প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল ও আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম। অধিকারের লড়াইয়ের অনিঃশেষ আলোর উৎস বেগম রোকেয়ার প্রয়াণ ঘটে কোলকাতায়, ১৯৩২ সালের ৯ ডিসেম্বর।