‘পরিণীতা’, নিটোল প্রেমের গল্প। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী মনস্তাত্ত্বিক সৃষ্টি। প্রথম প্রকাশ ১৯১৪ সালে। সেকালের বিখ্যাত সাহিত্য পত্রিকা ‘যমুনা’য় ধারাবাহিকরূপে আর্বিভূত। প্রেক্ষাপট—বিংশ শতাব্দীর প্রথম দশকের কলকাতা। বিষয়—স্বার্থপরতা, সমাজের ধর্ম-জাতবৈষম্যের দুস্তর ব্যবধান পেরিয়ে মিলনের গল্প, ভালোবাসার জয় পাওয়ার গল্প। যে ভালোবাসা ঘরের দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়েছিল, কিন্তু মুখে কেউ কোনোদিন বলেনি। শেখর, ললিতার সখ্যতা থেকে পরিণয়ে পৌঁছানোর গল্প। ত্রিকোণ টানাপোড়েনের, মানবমনের অন্তর্নিহিত দ্বন্দ্বের গল্প। গিরীন্দ্রেরও আদর্শবাদিতার গল্প। সমকালীন কঠোর সামাজিক বৈষম্য, ব্রাহ্ম-হিন্দু বিরোধ ও পারিবারিক অর্থলোভের প্রাচীর পেরিয়ে যাওয়ার গল্প। ‘পরিণীতা’, সমকালকে সত্যরূপে ধারণ করে। ‘পরিণীতা’য় সমকালকে শরৎবাবু খোলা চিঠির মতো করে লিখেছেন, সহজ ভাষায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শরৎসাহিত্য নিয়ে লিখেছেন, ‘যাঁহার লেখনী বাঙালি হৃদয়ের গভীরতম অনুভূতির স্পর্শ পাইয়াছে...’। শতবর্ষ পেরিয়ে ‘পরিণীতা’ আজও প্রতিটি বাঙালি পাঠককে সমানভাবে আলোড়িত করে।
| Book Name : | পরিণীতা |
| Authors : | শরৎচন্দ্র চট্টোপাধ্যায় |
| Publisher: | Inhouse book |
| Edition: | 1st Edition, August, 2026 |
| ISBN Number: | 978-984-2250-20-0 |
| Total Page | 64 |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৫ সেপ্টেম্বর ১৮৭৬ সালে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্ম। তাঁর বাল্য—কৈশোর কাটে ভাগলপুরে। শরৎচন্দ্র এফ.এ. পরীক্ষা দিতে পারেননি। তাঁর বিধিমত লেখাপড়া এখানেই শেষ। ভারতবর্ষের নানাস্থানে তিনি ঘুরেছেন, ভাগ্যান্বেষণে তিনি ব্রহ্মদেশে যান এবং বারো—তেরো বৎসর রেঙ্গুনে কেরানিগিরি করেন। ১৩১৪ বঙ্গাব্দে—বৈশাখ আষাঢ় সংখ্যার ভারতীতে ‘বড়দিদি’ নামক গল্প প্রকাশিত হবার পর তিনি রসিক জনের দৃষ্টি আকর্ষণ করেন। অল্পদিনের মধ্যেই তিনি পাঠক সমাজে সুপরিচিত হন। শরৎচন্দ্র মূলত ঔপন্যাসিক, যদিও কয়েকটি ছোটগল্প এবং বেশ কিছু সংখ্যক প্রবন্ধও তিনি রচনা করেছেন। তাঁর প্রথম মুদ্রিত গ্রন্থ বড়দিদি (১৯১৩)। অন্যান্য গ্রন্থগুলির মধ্যে বিরাজ বৌ (১৯১৪), বিন্দুর ছেলে (১৯১৪), পরিণীতা (১৯১৪), পণ্ডিতমশাই (১৯১৪), মেজদিদি (১৯১৫), পল্লীসমাজ (১৯১৬), শ্রীকান্ত (১ম খণ্ড ১৯১৭, ২য় খণ্ড ১৯১৮, ৩য় খণ্ড ১৯২৭, ৪র্থ খণ্ড ১৯৩৩), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), গৃহদাহ (১৯২০), পথের দাবী, শেষপ্রশ্ন (১৯৩১) প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। তাঁর প্রায় প্রত্যেকটি গ্রন্থই অসামান্য জনপ্রিয়। প্রকৃতপক্ষে বাংলা সাহিত্যে তিনি সর্বাপেক্ষা জনপ্রিয় লেখক। ১৬ জানুয়ারি ১৯৩৮ সালে তিনি মৃত্যুবরণ করেন।